news Breaking News
clock
সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সিজেপির

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সিজেপির

ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা হয় আন্দোলনস্থল জন্তর মন্তরে এসে তাদের সঙ্গে কথা বলবেন, অথবা নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান।


নিরপেক্ষ স্থানে আলোচনার দাবি

সিজেপি নেতা অশুতোষ রাঙ্কা বলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ক্ষোভের কারণে তারা জন্তর মন্তরে যেতে পারবেন না। তবে সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনার জন্য তারা নিরপেক্ষ কোনো স্থানকেই উপযুক্ত মনে করেন।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও আন্দোলনরত তরুণ নেতাদের উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের জন্য কোনো মর্যাদার প্রশ্ন নয়।

জিতেন্দ্র সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা—উভয়েই সময়সীমার কোনো বাধ্যবাধকতা ছাড়াই নাড্ডার সরকারি বাসভবন বা দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছিলেন।

তবে সিজেপি নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা হলে তা কেবল নিরপেক্ষ কোনো স্থানে অনুষ্ঠিত হতে হবে।


আন্দোলনের মধ্যে অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা

এদিকে আন্দোলনে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি জানান।

অভিজিৎ দীপকে বলেন, শারীরিকভাবে কিছুটা বিশ্রামের প্রয়োজন হওয়ায় তিনি সাময়িকভাবে আন্দোলনস্থল থেকে দূরে থাকবেন। তবে সন্ধ্যার মধ্যেই জন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসার কথা জানান তিনি।

অভিজিৎ দীপকেসহ আন্দোলনরত নেতারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।


লাঠিচার্জ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

এর আগে বুধবার (২২ জুলাই) রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে।

তবে দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ‘নৃশংস আচরণের’ অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের আচরণকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন এলাকায় প্রতিবাদ আরও বিস্তৃত হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance